সংগীতপ্রেমী সুমাইয়া

 আনন্দ বিনোদন প্রতিবেদক

 

হালের একজন প্রতিশ্রুতিশীল গায়িকা সুমাইয়া বৃষ্টি। ইতিমধ্যে তিনি লোকসংগীত ও প্লেব্যাক সিঙ্গার হিসেবে এই প্রজন্মের তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। মিডিয়ায় তার শুরুটা ছিল মডেলিংয়ের মাধ্যমে। ২০০৯ সালে ‘কিশোরী কন্যা’ নামের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে পারফর্ম করেন। ওই সময় ইউটিউবে গানটি ব্যাপক সাড়া ফেলে। তখন থেকেই গানের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। এরপর তিনি গানে তালিম নেন বিভিন্ন ওস্তাদদের কাছে। তার প্রথম গান প্রকাশ হয় ২০১৫ সালে। তরুণ কণ্ঠশিল্পী প্রতীক হাসানের সঙ্গে ডুয়েট গানটি ছিল ‘তুমি আমার চাঁদ’ শিরোনামে। পরের বছর কাজী শুভ’র সঙ্গে ডুয়েট গান ‘এতো কাছে’ প্রকাশ হয়। তৃতীয় ডুয়েট গান করেন ভারতের শিল্পী প্রীতমের সঙ্গে ২০১৭ সালে। ‘প্রেমের ২০/২০’ শিরোনামের গানটি শ্রোতাদের কাছে তার ব্যাপক পরিচিতি এনে দেয়। দেশের কিংবদন্তী লেখক ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের রচনা ও সুরে নির্মিত ‘স্বর্গ হতে আসে প্রেম’ সিনেমার জন্য ‘ও সাথী আমার’ গানে তিনি প্লেব্যাক করেন। সুমাইয়া বৃষ্টির একক গান ‘যদি তুমি’ এবং আইটেম গান ‘তুই আমার ঝালমুড়ি’ প্রকাশ পায় ২০১৯  সালে। একই বছরে জনপ্রিয় গায়ক অ্যান্ড্রু  কিশোরের সঙ্গে ‘কাছে তুমি আছো বলে তাই’ শিরোনামের একটি ডুয়েট গান করেন। এরপর একে একে বাজারে আসে তার গাওয়া একক গান ‘ঈদ মোবারক’, ‘হাওয়ার ঘোড়া’সহ আরও বেশ কিছু গান। একই বছরে এফ এ সুমনের সঙ্গে ‘ভালোবেসে যাবো তোমাকে’, ২০২০ সালে ভারতীয় গায়ক সায়ান চৌধুরীর সঙ্গে ‘চলতে চলতে হলো দেখা’ ডুয়েট গানগুলো প্রকাম পায় এবং  শ্রোতাপ্রিয়তা পায়। একই বছর তিনি কোভিড মহামারি পরিস্থিতির ওপর আরেকটি গান প্রকাশ করেন ‘বাঁচবো আবার নতুন করে’। এই গানটি  ভারতীয় গায়ক রাজ বর্মনের সঙ্গে ডুয়েট গেয়েছেন। বৃষ্টির গাওয়া জনপ্রিয় গানগুলো হলো— ‘দে দে পাল তুলে দে’, ‘আসমানের চাঁদ’, ‘কলিজাতে দাগ লেগেছে’, ‘হে বাঁশি’, ‘কি সুন্দর এক গানের পাখি’, ‘আমি তো ভালা না’ ইত্যাদি।

সুন্দর গায়কীর জন্য তিনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে একাধিক সম্মাননা অর্জন করেছেন। সেগুলো হলো— পল্লী উত্সব ২০১৮, হলদিয়া মেলা ২০১৯ ও পল্লী উত্সব ২০২০। সম্প্রতি সুমাইয়া বৃষ্টি সেরা নারী শিল্পী হিসেবে ‘ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন। বর্তমানের ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খানের সুরে কিছু নতুন গান করছি। শিগগিরই সেগুলো বাজারে আসবে। আমার বিশ্বাস এই গানগুলো বাংলা গানকে আরও সমৃদ্ধ করবে।’