এই সময়ের ছড়া
সারওয়ার-উল-ইসলাম
হাল ফ্যাশনের গাড়ি, ‘ডাঁট-ফাটে’ চলো
কখনো বাংলা ফের ইংরেজি বলো।
অযথাই ভাব-সাব, এমএ-বিএ পাশ
কিংবা পিএইচডি, জ্ঞানঘরে বাস।
ঘরের ভেতরে শুধু বই আর বই
সমাজ তোমাকে নিয়ে করে হইচই।
সভা সেমিনারে যাও, দাও বক্তৃতা
ভুলেছ শিক্ষা মূল, জানো তুমি কি তা?
বয়স যখন ছয়, হয়নি তো আট
আদর্শলিপি তুমি করেছিলে পাঠ।
‘অসত্ সঙ্গ ত্যাগ করো’—এই বাণী
পড়েছি প্রথম এটা সকলেই জানি।
কত কত বাণী আহা ছিল বইটাতে
জীবনে সেগুলো মানো? ভাবো দিনে রাতে।
জীবনের অলিগলি কালো আর সাদা
চেনালেন আমাদের সীতানাথ দাদা।
সার্টিফিকেট পেলে দামি দামি নানা
আদর্শলিপি আহা হয়েছে কি মানা?
সীতানাথ বসাকের আদর্শলিপি
জীবনগাড়ির হর্ন, করে পিপ-পিপি।