অগ্রীম টিকিট বুকিং!

 ‘পেন্ডুলাম’ নিয়ে নিয়মিত রিহার্সেল চলছে। দীর্ঘ ২০ বছর পর মঞ্চে আসছেন আফজাল হোসেন। গতকাল বিকেল থেকে চলে অনুশীলন। মাসুম রেজার রচনা ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় এই নাটকটির মঞ্চায়ন নিয়ে কৌতুহল সকলেরই। মাসুম রেজা বলেন, ‘আজ (গতকাল) সন্ধ্যায় আমরা রিহার্সেল করছি। আবার সামনের সপ্তাহে দুদিন টানা রিহার্সেল করব। আফজাল ভাইসহ পুরো ইউনিট এতটা সিরিয়াস, যা বলার অপেক্ষা রাখে না । আমাদের শো হবে ডিসেম্বরের ২৪ ও ২৫। অথচ এখনই অনেকে অগ্রীম টিকিট বুকিং দিতে চায়। আমি মনে করি এই কাজটি এক দারুণ ইতিহাস তৈরি করবে।’

আফজাল হোসেন বলেন, ‘ভালো লাগছে দীর্ঘদিন পর নিয়মিত নাটকের রিহার্সেল করছি। প্রতিদিনই কিছু না কিছু আপডেট হচ্ছে। একটা সুনিপুণ কাজ করতে যা কিছু প্রয়োজন নির্মাতাসহ টোটাল টিম তা করছে। আসলে মঞ্চের প্রতিটি কাজই এমন অধ্যাবসায়ের ফসল।’

উল্লেখ্য, ঢাকা থিয়েটারের প্রযোজনায় দীর্ঘদিন পর নতুন একটা নাটক মঞ্চে গড়াচ্ছে। এছাড়া এতগুলো বছর পর মঞ্চে আফজাল হোসেনের অভিনয় দেখতে দর্শকরাও মুখিয়ে রয়েছেন।