শিগগিরই চলচ্চিত্রের শুটিং শুরু করব:ভাবনা

 বিনোদন প্রতিবেদক

 

‘দুটি চলচ্চিত্র নিয়ে কথা চলছে। এর মাঝে একটি চলচ্চিত্রের কাজের কথা প্রায় চূড়ান্ত হয়েছে। ঢাকায় ফিরে চলচ্চিত্রটির শুটিং শুরু করবো। তবে সবকিছু মিলে গেয়ে দুটি চলচ্চিত্রেই কাজ করতে পারি।’—নিজের নতুন চলচ্চিত্র প্রসঙ্গে কথাগুলো বললেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। এছাড়া নিজের চলমান ব্যস্ততা নিয়ে তিনি আরো বলেন, ‘এখানে কেউ থাকে না নাটকটির পরবর্তী পর্বগুলোর শুটিয়ে বর্তমানে মধুপুরে আছি। টানা ১২ দিন ধরে এখানে শুটিং করছি। হয়তো আর ২ দিন পর ঢাকা ফিরতে পারবো। এছাড়া কদিন আগেই একটি শর্টফিল্মের কাজ শেষ করেছি।’ এদিকে ভাবনা বরাবরই বেছে বেছে মানসম্মত কাজ করে থাকেন। এখন কাজের পরিধি বাড়লেও সেই জায়গায় ভাবনার এমন সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘আমি বরাবরই বেছে বেছে কাজ করি। সংক্যা বাড়ানোর জন্য কখনোই কাজ করিনি, আর করতেও চাই না।’ অন্যদিকে ভালো কাজের পাশাপাশি অনেক মানহীন কাজও ভাইরাল বনে যাচ্ছে। ফলে এ ধরনের নির্মাণ দিনদিন বাড়ছে। কারণ হিসেবে অনেকেই দর্শক চাহিদাকে সামনে আনছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে ভাবনা বলেন, ‘মানুষ পছন্দ করছে, তাদের চাহিদায় কাজ হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না। কোনো নির্মাতা বা অভিনেতা দর্শকদের জিজ্ঞেস করে নাটক বানান না। দর্শক চাহিদা বা রুচির বিষয়টি আসলে মুখরোচক গল্প ছাড়া কিছু কিছু না। এটা এক ধরনের গা বাঁচানো কথা। আমরা যা দেখাতে চাই সেটাই আসলে দর্শকরা দেখেন। শুধু শুধু দর্শকদের দোষ দিয়ে লাভ নেই।’