মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
জলবায়ু বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষা, পরিবেশ এবং জনবান্ধব উন্নয়নের দাবিতে সুন্দরবনের ঢাংমারী এলাকায় গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী গণঅবস্থান কর্মসূচি চলাকালে সুন্দরবন অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য লাঠিখেলা, গাজীর গান, বনবিবি নাটক, পটগানসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। গণঅবস্থান কর্মসূচির উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের(বাপা) জাতীয় পরিষদ সদস্য মো. নূর আলম শেখ। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের(বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল। এ সময় উপস্থিত ছিলেন যুব বাপা নেতা দেওয়ান নুরতাজ আলম, ইউপি সদস্য ফিরোজ আলম খান, ঢাংমারী ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ইস্রাফিল বয়াতি, বাপা নেতা কমলা সরকার, মোল্লা আল মামুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ঝুঁকির মধ্যে রয়েছে। পৃথিবী উষ্ণায়ণের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে হবে। বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬ সফল না হলে পৃথিবীকে বাঁচানো যাবে না। তিনি জলবায়ুর বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন ও উপকূল সুরক্ষা, পরিবেশ ও জনবান্ধব উন্নয়ন পরিকল্পনার দাবি জানান।