নেত্রকোনায় হোটেল রেস্টুরেন্টে বাসি খাবার বিক্রি বন্ধের দাবি

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার বিক্রি হচ্ছে দেদারছে। না জেনেবুঝে এসব খাবার খেয়ে মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়াসহ নানা রোগে। তাই জেলার বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে এসব পচা-বাসি খাবার বিক্রি বন্ধ, খাবারের মান উন্নতকরণ ও পরিষ্কার-পরিছন্ন রাখা, নিয়মিত তদারকির ব্যবস্থা এবং হোটেলের সুন্দর পরিবেশ বজায় রাখার দাবিতে বুধবার সকালে মানববন্ধন করা হয়েছে। নেত্রকোনা পৌরসভার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা আইইডির সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহানি চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, পরিবেশবিদ ওয়াহিদুর রহমান, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভির জাহান চৌধুরী, সাংবাদিক কামাল আহমেদ, সাংবাদিক আলপনা বেগম এবং শিল্পী ইউরো আনিছ এবং কবি শাম্মী আক্তার।