স্ত্রী নির্যাতনের মামলায় ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চট্টগ্রাম অফিস

যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এ আদেশ দেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম ইকবাল হোসেন। তিনি বর্তমানে খুলনায় কর্মরত। মামলার বাদী ডা. সোনিয়া সামাদ চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন।

আদালত সূত্রে জানা যায়, বিয়ের পর স্ত্রীর কিছু টাকা ও গহনা আত্মসাত্ করেন ইকবাল। এছাড়া স্ত্রীর নামে ঢাকার সাভারে একটি বাড়ি ও একটি প্রাইভেট কার তাকে দিয়ে দিতে জোরাজুরি শুরু করেন। গত ২৫ জুলাই মিরসরাইয়ের বাসায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করেন ইকবাল। এ সময় ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে ঐ নারীকে উদ্ধার করে। আদালত অভিযোগ আমলে নিয়ে মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। বুধবার ট্রাফিক সার্জেন্ট ইকবাল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।