জয়পুরহাটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চার কর্মচারী জেলহাজতে

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান গেটে তালা দেওয়া ও সরকারি ফাইল চুরির পৃথক মামলায় চার কর্মচারীকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের জেলহাজতে পাঠানো হয়। জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, জেলহাজতে পাঠানো চার কর্মচারী হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির জহুরুল ইসলাম, ড্রাইভার রাসেল, ক্যাশ সরকার কামরুজ্জামান ও প্রসেস সার্ভার জাহাঙ্গীর আলম। মঙ্গলবার বিকালে শহরের চিনিকল সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ তাদের আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম আগামী ৩১ অক্টোবর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি সামসুল আরেফিন পলাতক রয়েছে। মামলা সূত্রে জানা যায়, এ বছরের জুন মাসের ৩ ও ৯ তারিখে জয়পুরহাট থানায় পাঁচ জনকে আসামি করে দুটি মামলা করেন ঐ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান গেটে তালা লাগানো, সরকারি কাজে বাধা প্রদানসহ সরকারি ২০টি বিভিন্ন ফাইল চুরির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।