মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
মোরেলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বিশারীঘাটা খালের ওপরের ঝুঁকিপূর্ণ সেতুটি (এলজিইডির আওতাধীন) সম্প্রতি ভেঙে পড়েছে। ফলে এই ভাঙা সেতু দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিশারীঘাটা-বাদুরতলা গ্রামের সংযোগ সেতুটি প্রায় দুই বছর যাবত্ ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক, যাত্রীবাহী যানবাহন ও শিক্ষার্থীরা চলাচল করতো। সেতুর এক পাড়ে রয়েছে ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ বিশারীঘাটা বাজার ও অপর পাড়ে রয়েছে বাদুরতলা বাজার। রয়েছে ইউনিয়ন পরিষদ, বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, ঝুঁকি রোধে যান চলাচলা বন্ধ রয়েছে। ইতিপূর্বে বিকল্প হিসেবে বাঁশের সাঁকো দেওয়া হয়েছিল। তাও বন্যায় ভেসে গেছে। ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী জানান, সেতুটি নির্মাণে এলজিআরডি দপ্তরে আবেদনের পরিপ্রেক্ষিতে সয়েল টেস্টও সম্পন্ন হয়েছে। এখন শুধু টেন্ডারের অপেক্ষায় রয়েছে। উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, সয়েল টেস্টসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুমোদন সাপেক্ষে টেন্ডার আহ্বান করা হবে।