আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
আনোয়ারায় ইছামতি খালের শাখা দক্ষিণ বাকখাইন নোয়ারাস্তা কান্দুরিয়া খালের ওপর নির্মিত স্লুইসগেটটি জোয়ারের পানির স্রোতে খালে বিলীন হয়ে গেছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলার কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দার। এছাড়া উপজেলার চাতরী, পরৈকোড়া, বারখাইন, আনোয়ারা সদরসহ চারটি ইউনিয়নের হাজার হাজার একর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি বছরের আগস্ট মাসের শুরুর দিকে স্লুইসগেটটি খালে বিলীন হয়। সরজমিনে দেখা গেছে, স্লুইস গেটসহ প্রায় ১০০ মিটার বেড়িবাঁধ পুরোপুরি খালে বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে পুরোই বিলীন হয়ে গেছে স্লুইস গেটটি। ফলে কয়েক মাস ধরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। বর্তমানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। আর নৌকায় দিনে কোনোমতে পার হলেও রাত ১০টার পর নৌকা চলাচল করে না। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, এটার জন্য একটা কমিটি হয়েছে। জোয়ারের পানির লেভেল কমলে ডিসেম্বরের দিকে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে নিচের দিকে মাটি পরীক্ষা করে দেখবে ভেতরে কী হয়েছে। এরপর নতুন ডিজাইনিং করে স্লুইসগেটটি পুনরায় নির্মাণ করা হবে।