সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
উত্তর জনপদ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হালকা কুয়াশা পড়ছে ভোরে ও গভীর রাতে। সেই সঙ্গে শীতও অনুভূত হচ্ছে। সকালে আবহাওয়ায় ঘাসে জমছে মুক্তদানার মতো শিশির। এ বছর কার্তিকের শুরুতেই ঠান্ডা অনুভূত হচ্ছে। কয়েক দিন আগে বৃষ্টির কারণে শীতের আবেশ চলে এসেছে। শেষ রাতে বেশ ভালো শীত পড়ছে। আর তখন কাঁথা জড়াতে হচ্ছে শরীরে। রাতে পড়ছে টিপটিপ বৃষ্টির মতো কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া স্বাভাবিক হলেও তীব্র গরম নেই। তাই অনেকের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও নিম্ন আয়ের মানুষ চিন্তিত। কারণ শীত বেশি পড়লে তাদের বেশ কষ্ট হয়।
এদিকে শীতের আগমনে লেপ-তোশকের দোকানে এসব তৈরির জন্য ভিড় বেড়েছে। আর গ্রামের অভাবী মানুষা পুরোনো কাঁথা সেলাই করে শীত মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন। সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন জানান, আবহাওয়ার বিরাট পরিবর্তন এসেছে। তাই এই জনপদে এখনই শীত পড়তে শুরু করেছে। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, খেয়ালিপনা আবহাওয়ার কারণে গভীর রাত ও ভোরে কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। এ বছর শীতের প্রবণতা বাড়তে পারে এমনটিও জানিয়েছেন তিনি।