স্টাফ রিপোর্টার, রাজশাহী
চলমান চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌক্তিক উদ্যোগ অবিলম্বে বন্ধসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ও নির্দেশিত চার দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহীর মণিবাজারস্থ শহীদ কামারুজ্জামান মিলনায়তনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এই সমাবেশের আয়োজন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের অন্য দাবিগুলো হচ্ছে—বিএনবিসি ২০২০-এর কতিপয় ধারা উপ-ধারা সংশোধন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধান ও ছাত্র-শিক্ষক পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধান। সংগঠনের রাজশাহী শাখার আহ্বায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদ।