সুজানগরে ৪০ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

সুজানগর (পাবনা) সংবাদদাতা

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে সুজানগর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন। আসন্ন ঐ নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঐ দিন ১০টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন থেকে ৯ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এবং সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে চার জন ও সাধারণ মেম্বার পদে ২৭ জনসহ মোট ৪০ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন জানান। উল্লেখ্য, আসন্ন নির্বাচনে গত ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত ১০ জন চেয়ারম্যান প্রার্থী এবং ২০ জন বিদ্রোহী প্রার্থীসহ বিভিন্ন দলের মোট ৪৬ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।