পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

ইত্তেফাক ডেস্ক

নওগাঁর বদলগাছী ও মান্দায় বুধবার সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :

বদলগাছী (নওগাঁ) : বদলগাছীতে দুপুর ১টার দিকে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বদলগাছী-মাতাজি সড়কের ভুতকুড়ি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। মৃত ফারুক হোসেন চাকরাইল যুগিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বদলগাছী থেকে ভ্যান নিয়ে আসার সময় ঐ ব্রিজের ওপর পেছন থেকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ফারুক হোসেনের মৃত্যু হয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। ভ্যান চালকের লাশ বদলগাছী হাসপাতালে রাখা হয়েছে।

মান্দা (নওগাঁ): মান্দায় ট্রাকের ধাক্কায় ইসরাফিল হোসেন হারু নামের একজন পথচারীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার বিকাল ৩টার দিকে মারা যান তিনি। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা। এর আগে সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের আব্দুল্লাহ ফিলিং স্টেশন এলাকার অদূরে ট্রাকের ধাক্কায় আহত হয়েছিলেন ইসরাফিল হোসেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।