ইত্তেফাক রিপোর্ট
দ্বিপাক্ষিক বাণিজ্যেও বাংলাদেশের সঙ্গে রাষ্ট্রীয় সুসম্পর্কের প্রতিফলন দেখতে চায় রাশিয়া। বুধবার এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। তিনি বলেন, রাশিয়া ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক বিদ্যমান। রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নযাত্রায় সহযোগী হতে পেরে তার দেশ গর্বিত। তবে দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনার পুরোটা এখনো কাজে লাগানো যায়নি। এ সম্পর্ককে উন্নত করতে চায় মস্কো। এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, রাশিয়ার বিশাল বাজারে তৈরি পোশাক ছাড়াও হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিক, ওষুধ, হিমায়িত খাদ্যপণ্যসহ অসংখ্য পণ্য রপ্তানি করে পারে বাংলাদেশ। কিন্তু দেশটির সঙ্গে সরাসরি ব্যাংকিং সম্পর্ক না থাকা ও এলসি খোলার সুবিধা না থাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ছে না।
১৯৮৭ সালের ডিসেম্বরে তত্কালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সহযোগিতা চুক্তি সই করেছিল এফবিসিসিআই। পরে ২০০৬ সালে দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব রাশিয়ান ফেডারেশন এবং ২০১৯ এ ইউনিয়ন অব মস্কো চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে সহযোগিতা চুক্তি সই করে এফবিসিসিআই। অনেক দিন আগের করা এসব চুক্তিগুলোকে পর্যালোচনা করে যুগোপযোগী করতে একমত হন এফবিসিসিআই সভাপতি ও রাশিয়ান রাষ্ট্রদূত। শিগিগরই দেশটির দূতাবাসে এ সংক্রান্ত তথ্য ও খসড়া পাঠাবে এফবিসিসিআই। বৈঠকে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. আমিন হেলালী প্রমুখ।