স্পোর্টস ডেস্ক
মাঠের খেলা শেষ সেই কবেই। কিন্তু এর রেশ এখনো রয়ে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার টুইটারে যেন বাগ্যুদ্ধ লেগে গেলে হরভজন সিং ও মোহাম্মদ আমিরের মধ্যে। পাকিস্তানের ১০ উইকেটে জয়ের পর আমির রসিকতা করে টুইট করে জানতে চেয়েছিল, এমন হারের পর হরভজন তার টিভি সেট ভেঙে ফেলেছিলেন কি না।
জবাবে আমিরকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর একটি ভিডিও পোস্ট করে হরভজন লেখেন, ‘এই ছক্কাটি তোমার টিভিতে গিয়ে পড়েছিল নাকি? ব্যাপার না দিনশেষে এটা ক্রিকেট খেলা।’ বসে থাকেননি আমিরও, পালটা জবাব নিয়ে হাজির হয়ে যান টুইটারে। পাকিস্তান দলের বাইরে থাকা এই পেসার লেখেন, ‘আমি আপনার বোলিং দেখতে ব্যস্ত ছিলাম। যখন শহিদ আফ্রিদি আপনাকে চার বলে চার ছক্কা হাকিয়েছি। তবে ক্রিকেটে তা হতেই পারে। কিন্তু টেস্ট ক্রিকেটে একটু বেশিই হয়ে গেছে।’
এরপর আমিরের অতীত নিয়ে টান দেন হরভজন। লর্ডস টেস্টে সেই ফিক্সিং কাণ্ড নিয়ে সাবেক ভারতীয় স্পিনার লেখেন, ‘লর্ডসে নো বল কীভাবে হয়েছিল? কত টাকা নিয়েছিলে, কে দিয়েছিল? টেস্ট ক্রিকেটে নো বল হতে পারে? ক্রিকেট অসম্মানিত করা তুমি এবং তোমার সমর্থকদের লজ্জা হওয়া উচিত।’ হরভজন আরো লেখেন, ‘শুধু টাকা, টাকা আর টাকা। সম্মানের কোনো মূল্যই নেই তোমাদের কাছে। দেশবাসী ও তোমার সমর্থকদের কি বলতে পারবে, কত টাকা পেয়েছিলে? দূর হও। তোমাদের সঙ্গে কথাই বলা উচিত নয়।’ ক্ষুব্ধ আমির জবাব দেন, ‘আমার অতীত নিয়ে কথা বলছো আর নিজের অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে কিছু বলো। তিন দিন আগেই তোমাদের মুখ বন্ধ করে দিয়েছি। এখন দেখো, কীভাবে আমরা বিশ্বকাপ জিতি। পার্কে গিয়ে হাওয়া খাও। মন ভালো থাকবে।’