স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরে চাঞ্চল্যকর হকার জুবায়ের হোসেন হত্যা মামলার আসামি ইকবালকে বরিশালের উজিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গতকাল বুধবার এ তথ্য জানান র্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। তিনি জানান, গত ২৬ অক্টোবর র্যাব-১১ ও র্যাব-৮-এর একটি যৌথ আভিযানিক দল বরিশাল জেলার উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ইকবালকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইকবাল সোনারগাঁও বুরুমদীর আব্দুস সামাদের ছেলে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকারোক্তি দেয়, শহরের বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে দোকান বসানো নিয়ে হকার স্বপনের সঙ্গে ভিকটিম জুবায়েরের বাগিবতণ্ডা হয় এবং এক পর্যায়ে স্বপন জোবায়েরকে বলাকা পেট্রোল পাম্পের সামনে নিয়ে চড়-থাপ্পড় মারতে থাকে। পরবর্তী সময়ে ভিকটিম জুবায়ের এর প্রতিবাদ করলে হকার নেতা আসাদের হুকুমে সে মহসিনের দোকান থেকে ধারালো চাকু এনে জুবায়েরকে জখম করে এবং ইকবালসহ অন্য আসামিরাও জুবায়েরকে মারধর করে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন জানিয়ে তিনি আরো বলেন, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র্যাব-১১-এর অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।