মুক্তি পেয়ে ঘরে ফিরলেন সুদানের প্রধানমন্ত্রী

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে মুক্তি দিয়েছে সেনাবাহিনী। আটকের এক দিন পর সেনা প্রহরায় তিনি বাড়ি ফিরেছেন। তবে কী শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে সেটা জানা যায়নি। এছাড়া সোমবার অভ্যুত্থানের পর যেসব বেসামরিক সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছিল, তারা এখনও মুক্তি পাননি। তাদের কোথায় আটকে রাখা হয়েছে সেটিও জানা যায়নি।

গত সোমবার সেনাবাহিনীর জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান আকস্মিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেন। এর পর মঙ্গলবার দেশটির গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা সামরিক অভ্যুত্থানের বিরোধিতায় রাস্তা অবরোধ করে রাজধানী খার্তুমে বিক্ষোভ করেন। এ সময় টায়ার ও কাঠে আগুন দিয়ে বিক্ষোভ করেন তারা। দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর গণতন্ত্রকামীদের বিক্ষোভে গুলিতে এখন পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণ গেছে। গতকালও রাজপথে বিক্ষোভ অব্যাহত ছিল সেনাশাসনের বিরুদ্ধে। গতকাল এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান দাবি করেন, দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে সেনাবাহিনী  অন্তর্বতীকালীন সরকারকে হটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে নিরাপত্তার জন্য সামরিক বাহিনীর জেনারেলদের বাড়িতে রাখা হয়েছিল বলে তিনি জানান।