সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনিয়ন অফিসে বিদায়ি কমিটি ও নবনির্বাচিত কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ি সভাপতি মোল্লা জালাল নবনির্বাচিত কমিটির সভাপতি ওমর ফারুককে ফুল দিয়ে এবং ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ রেজুলেশন খাতা নবনির্বাচিত মহাসচিব দীপ আজাদের নিকট বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
বিদায়ি কমিটির সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, বিদায়ি কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, নবনির্বাচিত সহসভাপতি মধুসূধন মণ্ডল, আফরোজা আক্তার ডিউ ও মোশাররফ হোসেন, বিদায়ি কমিটির সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ ও অমিত রায়, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী কমিটির সদস্য উম্মুল ওয়ারা সুইটি, ড. উত্পল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, শেখ নাজমুল হক সৈকত, বিএফইউজের অঙ্গ ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদসহ নারায়ণগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব দুই জনই সংগঠনের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। গত ২৩ অক্টোবর বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হয়।