মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও-টঙ্গিবাড়ী সড়কের তৌলকাই এলাকায় একই পরিবারের তিন সদস্য ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় ছিনতাইকারীদের আঘাতে পিতার মৃত্যু ও দুই পুত্র আহত হয়। নিহত ব্যক্তি হলেন তৌলকাই গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আলিম হোসেন (৫৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২টায় নিহত আলীম তার দুই ছেলে শুভ ও শান্তকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ ফার্নিচারের দোকান থেকে বাসায় ফেরারপথে টঙ্গিবাড়ী বাজারের কাছে বড়লিয়া এলাকার তৌলকাই কড়ইগাছের সামনে ছিনতাইকারীর কবলে পড়ে। ছিনতাইকারীরা রাস্তার ওপর রশি টানিয়ে তাদের পথরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করলে তারা বাধা প্রদান করে। এ সময় ছিনতাইকারীরা তিন জনকে মারধর এবং গুরুতর আহত পিতা আলীমকে রাস্তার পাশে ডোবায় ফেলে দিলে সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়। আহত দুই পুত্রকে চিকিত্সার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গিবাড়ী থানা ওসি মোল্লা সোয়েব জানান, হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।