রাজধানীর নয়াপল্টন এলাকায় মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক ৫০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল বুধবার গ্রেফতার ৫০ জনের মধ্যে ১৫ জনের রিমান্ড আবেদন করে সবাইকে আদালতে তোলা হয়। কিন্তু শুনানি না হওয়ায় গ্রেফতারকৃতদের পাঠানো হয়েছে কারাগারে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন মিয়া জানান, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং অবৈধ সমাবেশের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলায় এজাহারনামীয় আসামি ৯৭ জন। যাদের মধ্যে গ্রেফতারকৃত ৫০ জনের নাম রয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে দেড় থেকে ২ হাজার জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জনের সাত দিনের রিমান্ড আবেদন করে সবাইকেই আদালতে পাঠানো হয়। কিন্তু শুনানি না হওয়ায় ৫০ জনকেই কারাগারে পাঠানো হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে মঙ্গলবার নয়াপল্টনে প্রতিবাদ মিছিলে নামেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।