ভোটের আগে মাঠ খালি করতে আবারও মামলা :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্গাপূজার সময়ে দেশে হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও মন্দিরে যে হামলা হয়েছে তা সরকারই পরিকল্পিতভাবে ঘটিয়েছে। নির্বাচনের আগেই এসব ঘটনার মাধ্যমে সরকার বিরোধী দলকে ঘায়েল করে ক্ষমতাকে পাকাপোক্ত করতে চায়। বিএনপিকে নির্মূল করতে চায়। এসব ঘটনায় দায়ের করা মামলায় সারা দেশে বিএনপির নেতাকর্মীদের শাস্তি দিয়ে নির্বাচনের মাঠ খালি করার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। প্রত্যেকটি ঘটনাই সরকার বা সরকারি দলের ইন্ধনে হয়েছে। এখন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে গ্রেফতার বাণিজ্যের জন্য। রংপুরের পীরগঞ্জে ছাত্রলীগ নেতা ঘটনা ঘটালেও মামলা হলো বিএনপি নেতাকর্মীর নামে। কুমিল্লাতেও একইভাবে একজনকে পাগল সাজিয়েছে, যা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। বরং সরকারই তা করেছে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য। এখন তারা বরকত উল্লাহ বুলুর নাম জড়িয়েছে যা কারো কাছে বিশ্বাসযোগ্য হতে পারে না। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।