বিদ্যমান অচলাবস্থা নিরসনে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সোনারগাঁও হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নির্বাচন সম্পন্নের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মঙ্গলবার হোটেলের দুই পক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত নির্বাচন আয়োজনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি।
প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ঢাকার বিভাগীয় শ্রম পরিচালক আবু আশরীফ মাহমুদ ইত্তেফাককে বলেন, সোনারগাঁও হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কমিটির মেয়াদ গত ৯ এপ্রিল শেষ হয়েছে। কিন্তু নির্বাচন আয়োজন নিয়ে বারবার টালবাহানা করা হয়। কয়েক দফা উদ্যোগ গ্রহণ করেও সংকট নিরসন হয়নি। অবশেষে মন্ত্রী মহোদয় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। আশা করি বর্তমান নেতৃবৃন্দ যথাসময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করবেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারের বিভিন্ন মহল থেকে বারবার নির্দেশনা দেওয়ার পরও সোনারগাঁও হোটেল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ) নির্বাচন অবৈধভাবে বন্ধ রাখা হয়। গত ৯ এপ্রিল বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী, এর এক মাস আগে বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন করতে হয়। এজন্য গত ৪ ফেব্রুয়ারি নোটিশও জারি করে কমিটি। কিন্তু সভার দিন দুপুরে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়।
এই পরিস্থিতিতে শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এহসানে এলাহি, মহাপরিচালক গৌতম কুমার (অতিরিক্ত সচিব). ঢাকা বিভাগীয় পরিচালক আবু আশরীফ মাহমুদ, সোনারগাঁও হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ, বিদায়ি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো কয়েকজন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক মো. কাজী শাহীন ইত্তেফাককে বলেন, মন্ত্রী মহোদয়ের নির্দেশনা আমলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আইনি পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। তবে ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি তিনি।