পশ্চিমবঙ্গ বিধানসভায় বিপুল জয়ের পর ভারতের জাতীয় রাজনীতিতে এখন প্রভাবশালী মুখ তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস যখন মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান প্রতিপক্ষ নেতা হিসেবে তুলে ধরতে চাইছে, তখন আবারও কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার খড়দা বিধানসভা উপনির্বাচনের প্রচারণায় গিয়ে বিজেপি নেতা শুভেন্দু মমতাকে কটাক্ষ করে বলেন, যেদিন গরুর গাড়িতে হেডলাইট লাগবে, সেদিন প্রধানমন্ত্রী হবেন মমতা।
হিন্দুস্তান টাইমসের বাংলা অনলাইনের খবরে বলা হয়েছে, দলীয় প্রার্থী জয় সাহার সমর্থনে খড়দার রুইয়া বাসস্ট্যান্ডে আয়োজিত সভায় শুভেন্দু বলেন, গরুর গাড়িতে যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট হবে, সেদিন প্রধানমন্ত্রী হবেন মমতা। শুভেন্দুর এই মন্তব্য শুনে সভাস্থলে হাসির রোল ওঠে।
বাংলাদেশে হিন্দুদের ওপর হামলায় মমতার মৌনতা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, বাংলাদেশে সনাতনীদের ওপর হামলা হচ্ছে। মমতা ব্যানার্জি চুপ কেন? উনি তো কথায় কথায় টুইট করেন। গাজায় বোমা পড়লে মিছিল করেন। আর বাংলাদেশ নিয়ে বলছেন, অকারণে আমি ঝগড়া করতে যাব কেন? এর জবাব ভোটের মেশিনে দিতে হবে।
এদিকে তৃণমূলে ফিরেছেন রায়গঞ্জের দাপুটে বিজেপি নেতা তথা বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গত বিধানসভা নির্বাচনের তিন মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন আর ফলাফলের চার মাস পর ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসে ফিরে কৃষ্ণ কল্যাণী বলেন, ‘?বিজেপিতে ভালো কাজের মূল্যায়ন নেই। যা আছে তা শুধুই ষড়ষন্ত্র। কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কাজ করছে না, তাই দলবদলের সিদ্ধান্ত নিয়েছি।’ কৃষ্ণ কল্যাণীকে নিয়ে এখন পর্যন্ত মোট পাঁচ জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন।