প্রথম ওভারেই স্কটল্যান্ডের নেই তিন উইকেট। তাতেই যেন নিশ্চিত হয়ে যায় ম্যাচের গতিপথ। রুবেল ট্রাম্পলম্যানের ওই এক ওভারের তান্ডবের কারণেই খুব বেশি সংগ্রহ দাঁড় করাতে পারেনি স্কটল্যান্ড। ১১০ রানের ছোট্ট লক্ষ্য পাড়ি দিতেই অনেকটা মন্থর গতিতে হেটেছে টি-২০ বিশ্বকাপে প্রথম খেলতে এসে চমক দেখানো নামিবিয়া। যে কারণে ৪ উইকেটের স্মরণীয় জয় পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে শেষ ওভার পর্যন্ত। এই জয়ের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভেও দাপট অব্যাহত রাখল নবাগত নামিবিয়া।
অন্যদিকে সুপার টুয়েলভে আফগানিস্তানের পর নামিবিয়ার কাছেও অসহায় পরাজয় মানতে হয়েছে স্কটিশদের। শুরুর বড় ধাক্কার পর মাইকেল লিস্কের ২৭ বলে ঝড়ো ৪৪ রানে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে তারা। জবাব দিতে নামা নামিবিয়ার দ্রুত উইকেট নিতে না পারলেও রানে আটকে রাখার চেষ্টা করে কাইল কোয়েটজারের দল। ব্যাটিংয়ে পর বোলিংয়ে ২ উইকেট নিয়ে অবদান রাখেন লিস্ক। যদিও তার এই পারফরম্যান্স ঢাকা পড়ে যায় জেজে স্মিথের ৩২ রানের কাছে। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরষ্কারটি ওঠে তিন উইকেট নেয়া ট্রাম্পলম্যানের হাতেই।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড :১০৯/৮, ২০ ওভার (লিস্ক ৪৪, গ্রিভস ২৫, ক্রস ১৯; ট্রাম্পলম্যান ৩/১৭, ফ্রাইলিংক ২/১০, ভিজে ১/২২)।
নামিবিয়া :১১৫/৬ ১৯.১ ওভার (স্মিথ ৩২, উইলিয়ামস ২৩, ভিজে ১৬; লিস্ক ২/১২, হুইল ১/১৪, গ্রিভস ১/২২)।
ফল :নামিবিয়া ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা :রুবেন ট্রাম্পলম্যান।