বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে কারাবাও কাপের নকআউট পর্বে পৃথক ম্যাচে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি-ওয়েস্ট হাম ও লিভারপুল-প্রেস্টন নর্থ এন্ড। এতে লিভারপুল জয় পেলেও টাইব্রেকারে ওয়েস্ট হামের কাছে হেরে বিদায় নিয়েছে ম্যানসিটি।
প্রেস্টনের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। এই জয়ের মধ্য দিয়ে তারা কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো।
প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের ৬২ ও ৮৪ মিনিটে লিভারপুলের হয়ে গোল করেন তাকুমি মিনামিনো ও ডিভক অরিজি।
অপর ম্যাচে নির্ধারিত সময়ে ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হামের মধ্যে গোলশূন্য ড্র হয়েছে। পরে টাইব্রেকারে ম্যানসিটিকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট হাম।
লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পরাজয়ের মধ্য দিয়ে কারাবাও কাপ থেকে বিদায় নিলো পেপ গার্দিওয়ালার দল। ফলে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো ওয়েস্ট হাম।
অন্যদিকে, সিরি আ লিগে সাসুওলোর কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে জুভেন্টাস। রোনালদো চলে যাওয়ার পর থেকে চলতি মৌসুমে দুঃসময় কাটাচ্ছে জুভেন্টাস।
এই পরাজয়ের ফলে বর্তমানে লিগ টেবিলের পয়েন্ট তালিকায় ৭ নম্বরে অবস্থান করছে তুরিনের ক্লাবটি। আর সাসুওলোর অবস্থান নয় নম্বরে।
ইত্তেফাক/টিএ