হবিগঞ্জে ছোট ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই নিহত

হবিগঞ্জের মাধবপুরে ছোটভাইয়ের বল্লমের আঘাতে এরশাদ আলী (৫০) নামে এ ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুরে হামলার শিকার হন তিনি।

 

নিহত এরশাদ ও হামলাকারী বাচ্চু মিয়া (৪০) উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্টবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে পলাতক বাচ্চু মিয়া। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:  রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

জানা গেছে, বুধবার দুপুরে এরশাদের মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই নাসির উদ্দিনের বাড়ি তৈরির জন্য স্তূপ করে রাখা বালু নিয়ে যাচ্ছিলেন বাচ্চু।  তা দেখে তাদের বাবা মর্তুজ আলী তাকে বালু নিতে নিষেধ করলে বাচ্চু তার বাবার সঙ্গে অশালীন আচরণ করেন। বিষয়টি জানতে পেরে এরশাদ এগিয়ে এসে বাবাকে সরিয়ে নিতে চাইলে বাচ্চু ক্ষিপ্ত হয়ে এরশাদ আলীর বুকের বাম দিকে বল্লম (দেশি অস্ত্র) দিয়ে কোপ দেন। এরশাদকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

 

ইত্তেফাক/এএম