মেডিক্যাল শিক্ষার্থীদের উত্তরপত্র অন্য কলেজে পাঠিয়ে মূল্যায়ন করা উচিত: প্রধান বিচারপতির

 মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র একই কলেজে শিক্ষকরা না দেখে এবং রেজাল্ট শিট তৈরি না করে ভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে সেই খাতা মূল্যায়ন ও রেজাল্ট শিট করানো উচিত বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিএমডিসি বনাম শাহ এমডি আরমান অ্যান্ড আদার্স নামক একটি মামলার শুনানিকালে বিএমডিসি’র আইনজীবীকে উদ্দেশ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা তো সেই একই বিশ্ববিদ্যালয় দেখে না। অন্য বিশ্ববিদ্যালয়ে সে খাতা দেখতে পাঠানো হয়। কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রিটেনের খাতা কাটা হয় এবং রেজাল্ট শিট করা হয় যে কলেজের শিক্ষার্থী সেই একই কলেজে।’

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলমের উদ্দেশে করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা একই কলেজে না দেখে এবং রেজাল্ট শিট না করে (ডিফরেন্ট) ভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে সে খাতা দেখানো ও রেজাল্ট সিট করানো উচিত।’

ইত্তেফাক/কেএইচ