গাইবান্ধায় মাকে হত্যার দায়ে ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি গাইবান্ধা সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে মো. জিয়াউল হক। রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) ফারুক আহম্মেদ বলেন, মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় দেন। তিনি আরও জানান, আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৮ সালের ১২ জুন জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে টাকা চান। ছোটভাই টাকা দিতে রাজি না হওয়ায় জিয়াউল হক ক্রিকেট খেলার ব্যাট দিয়ে জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে মারতে যান। এ সময় তার মা জহুরা বেগম বাধা দিতে গেলে তাকে আসামি মারধর করেন। এতে জহুরা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জহুরা বেগমকে গাইবান্ধা জেনারেল হাসপালে ভর্তি করান। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই জহুরা বেগম মারা যান। এই ঘটনায় নিহতের স্বামী নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এনই