চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সমান্তরালে রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। উভয় দলই দুটি করে ম্যাচ হেরেছে। গত কয়েক বছরে দুই দল আন্তর্জাতিক ক্রিকেটে অনেকবার মুখোমুখি হয়েছে। তাই পরস্পরের চেনা-জানা অনেক। পরিস্থিতি একই রকম বলেই বর্তমান চ্যাম্পিয়নরাও স্বস্তিতে নেই। শুক্রবার (২৯ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ক্যারিবিয়ানদের কন্ঠেও জয়ের সুর উচ্চকিত নয়।
আজ (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান বলেছেন, ম্যাচটা ভালোই চ্যালেঞ্জিং হবে দুই দলের জন্য। ম্যাচে আক্রমণাত্মকই থাকবে উইন্ডিজরা। এবং ম্যাচটা জিততে মরিয়া তারা। শারজাহর ছোট বাউন্ডারি নয় বরং নিজেদের স্কিল বাস্তবায়নে মনোযোগী হতে চায় পুরানরা।
সুপার টুয়েলভ পর্বে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে। তাই এখন শারজাতে পয়েন্টের খাতা খুলতে চায় ক্যারিবিয়রা।
পুরান বলেছেন, ‘আমার মনে হয় দুটি ম্যাচ হারার পর বাংলাদেশও আমাদের মতোই অবস্থানে আছে। তাই আমি মনে করি কাল (শুক্রবার) ভালো চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। আমাদের জয়টা প্রয়োজন এবং খেলা শারজাতে। আমরা জানি বাংলাদেশের অনেক স্পিনার আছে। এটা আসলেই ভালো চ্যালেঞ্জ হবে আমাদের।’
শারজার ছোট বাউন্ডারি ক্যারিবিয়ানদের দানবীয় ব্যাটিংয়ের জন্য শাপেবর হতে পারে। পুরান বলেছেন, ছোট বাউন্ডারি নয়, স্কিলের বাস্তবায়নই বড় কথা। এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলেই সফল হতে চান তারা।
সংবাদ সম্মেলনে পুরান বলেছেন, ‘আমার মনে হয় ঘুরে দাঁড়ানোর জন্য এটা আমাদের ভালো সুযোগ। আমরা জানি শারজাহতে উইকেট কেমন হবে? সত্যি বলতে ছোট বাউন্ডারিতে আমাদের ফোকাস নয়, আমরা চাই আমাদের স্কিলের বাস্তবায়ন। যদি আমরা এটা করতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষেই থাকবে।’
বাঁহাতি এ ব্যাটার আরও বলেছেন, ‘আমরা সত্যিই বলতে পারি না ছোট বাউন্ডারি এবং আমরা ছক্কা মারবো। আমরা দল হিসেবে আক্রমণাত্মক থাকতে চাই। আমরা ওখানে গেলে পিচ মূল্যায়নের পর যত দ্রুত সম্ভব পরিকল্পনা করবো এবং ভালো স্কোর গড়ার চেষ্টা থাকবে।’
বিশ্বকাপে টিকে থাকতে জয় প্রয়োজন উভয় দলের। বাঁচা-মরার ম্যাচে জয়ের আশায় উইন্ডিজরা। পুরান বলেছেন, ‘এটা আরেকটা ম্যাচ মাত্র। যে কেউ জিততে পারে। কিন্তু আপনি যা বললেন, এটা আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা বিশ্বাস করি আমরা সফল হবো।’
ইত্তেফাক/টিএ