ঢাকার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় বখাটেদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। সন্ধ্যা হলেই এদের দলবেঁধে ঘুরে বেড়াতে দেখা যায়। এরা মোবাইল ফোন ছিনতাই করে। মেয়েদের উত্ত্যক্ত করা যেন থামছেই না। প্রতিবাদ করলে অপমান অপদস্ত করে। অনেকক্ষেত্রে শারীরিক নির্যাতন করতেও ছাড়ে না। নবোদয় ডি ব্লকের ৩ নম্বর সড়কে বৈদুতিক বাতি নেই, সন্ধ্যা হলেই সড়কটি অন্ধকার হয়ে যায়। এই সড়কে উঠতি বয়সি তরুণ পাঁচ-ছয়জন মিলে মোটরসাইকেল নিয়ে রাস্তার অনেক অংশ জুড়ে আড্ডা দেয়, নেশা করে। ঐ সড়কের বাসিন্দারা আসা-যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় পড়ে। বিশেষ করে মহিলাদের দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য ছোড়ে। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ৩ নম্বর সড়কের এক বাসিন্দা তাঁর মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার সময় এক বখাটের মোটরসাইকেল দিয়ে রাস্তা বন্ধ থাকায় তিনি তাদের মোটরসাইকেল সরাতে বলেন। এতে এক বখাটে ক্ষিপ্ত হয়ে তাঁর সঙ্গে বাকবিতণ্ডা করে। ঐ বাসিন্দা তাঁর বাসায় রওনা হওয়ার কিছুক্ষণ পর এই বখাটে তার দলবলসহ তাঁর বাসার নিচে এসে তাঁকে মারধোর করার চেষ্টা করে। আশেপাশের লোকজন এগিয়ে এসে বখাটেদের থামায়। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. মেজবাহউদ্দিন সুমন
নবোদয় বাজার, ঢাকা