আঁধারের হাতপা

হাসপাতালের কেবিনে যারা শুয়ে আছে

তারা নানা কল্পরূপ প্রত্যক্ষ করে—অন্যরা করে না!

উর্বর মস্তিষ্কের কোষে ধমনিতে

যেভাবে অক্সিজেন চলে, তা কেবল

মৃত্যুপথযাত্রীরাই বোঝে—অন্যেরা বোঝে না। 

সেরকম মগজের কোষে হাঁটে অন্ধকার—

মৃত্যুর অমোঘ বার্তা দেয় আমাদের, তাও

মৃত্যুপথযাত্রীরাই বোঝে—অন্যেরা বোঝে না!

 

হাসপাতালের বিছানায় দেখি—পিলপিল গুটিপায়ে

পালাল আঁধার,

আশ্চর্য হয়ে সেইদিন আঁধারের হাতপা প্রত্যক্ষ করলাম—

মৃত্যুপথযাত্রীরা যা একবারই প্রত্যক্ষ করে!