‘ছবিটির সঙ্গে ভীষণ আবেগ জড়িত’

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া আছেন অভিনেতা তাসকিন। যদিও ওটাই তার দ্বিতীয় দেশ। তবে এবারের অবস্থানটা ভিন্ন কারণে। প্রথমত, কোভিড জটিলতায় সব শুটিং স্থবির হয়ে গেলে দেশ ছাড়েন তাসকিন। এর পরবর্তীতে শারীরিক অসুস্থতায় একটি সার্জারির প্রয়োজন হয়। তাতে ডাক্তার বিশ্রামের কথা বললে সেখানেই থাকতে হয় তাসকিনকে। তবে সেই শারীরিক অবস্থার ভেতরেই তাসকিন নিয়মিতভাবে ঢাকার ছবির খোঁজ, অসমাপ্ত ডাবিংয়ের কাজ করেছেন। অস্ট্রেলিয়ার একটি স্টুডিও ভাড়া করে নিজ দায়িত্ব পরিচালক-প্রযোজকদের বুঝিয়ে দিয়েছেন।

এদিকে বহুল কাঙ্ক্ষিত ছবি ‘মিশন এক্সাট্রম’-এর রিলিজ ডেট দোরগোঁড়ায়। এই ছবিটি তাসকিনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ছবির ক্যাম্পেইনের কাজে থাকবেন কি-না জানতে চাইলে তাসকিন বলেন, ‘আমার সঙ্গে সানী ভাই থেকে শুরু করে সবারই কথা হচ্ছে। ইচ্ছে আছে ছবিটি রিলিজের আগে দেশে ফেরার। কারণ ঢাকা অ্যাটাক দিয়ে তাসকিনের চলচ্চিত্রে যাত্রা শুরু। তারই সিক্যুয়েল ছবি এটি। তাই এই ছবিটির সঙ্গে ভীষণ আবেগ জড়িত।’

এদিকে ছবিটি একইসঙ্গে এশিয়া, অস্ট্রেলিয়া ও আমেরিকা তিনটি মহাদেশে রিলিজ দেওয়া হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রিমিয়ারে থাকবেন কি-না, এমন প্রশ্নে তাসকিন বলেন, ‘এখানে তো থাকছি। তবে ঢাকাতে যাবো এবং আমার অনেকগুলো অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলো শেষ করবো।’