যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণের বিষয়টি স্বীকার করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

তাইওয়ানের সেনাদের যুক্তরাষ্ট্র কর্তৃক সামরিক প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন তাইওয়ানি প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।

তাইওয়ানে মার্কিন সেনা প্রশিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করে সাই ইং ওয়েন বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ব্যাপক বিস্তৃত সহযোগিতা রয়েছে। এর লক্ষ্য আমাদের প্রতিরক্ষা-সক্ষমতা বাড়ানো।’ চীন সামরিক পদক্ষেপ নেওয়ার ঝুঁকি বাড়লে দ্বীপটি রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলেও বিশ্বাস করেন তিনি। সাক্ষাত্কারে সাই ইং ওয়েন জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াসহ অন্য গণতান্ত্রিক দেশগুলোকে তাইওয়ানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘কোনো কর্তৃত্ববাদী শাসক যখন সম্প্রসারণবাদী প্রবণতা দেখায় তখন গণতান্ত্রিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত।’ খবর রয়টার্স ও এনডিটিভির।

চীনের হুমকি প্রতিদিন বাড়লেও গণতন্ত্রের সংগ্রামে সম্মুখসারিতে রয়েছে তাইওয়ান, এমন কথা জানিয়ে সাই ইং ওয়েন বলেন, তিনি চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় আগ্রহী। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির উচিত তারা বিশ্বের সঙ্গে কেমন সম্পর্ক চায় তা নির্ধারণ করা। তিনি বলেন, ‘শি (জিনপিং) কি এই অঞ্চল বা বিশ্বের সবার সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান, না কি তিনি একটি প্রভাব বিস্তারকারী ভূমিকা চান, যেখানে সবাই তার কথা শুনবে, চীনের কথা শুনবে?’