বঙ্গবন্ধুর নামে প্রবর্তিত পুরস্কার সৃজনশীল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর শিল্প পরিকল্পনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশে শিল্পায়নের যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল সেই স্বপ্নের সোনালি পথ ধরে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশে বহুমুখী শিল্পায়নের ধারা জোরদার করতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রবর্তন করা হলো। গতকাল বৃহস্পতিবার রাজধানীল ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ উন্নত ও আধুনিক রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন। বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে নিয়ে যেতে হলে শিল্প উদ্যোক্তারা বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করতে হবে। সভাপতির বক্তব্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ উত্সাহিত করার উদ্দেশ্য নিয়ে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। শিল্প ক্ষেত্রে অবদান সাপেক্ষে প্রতিবছর বৃহত্, মাঝারি, ক্ষুদ্রসহ সাত ক্যাটাগরিতে নির্বাচিত শিল্প উদ্যোক্তা বা শিল্প প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হবে। এ বছর দুইটি ক্যাটাগরিতে যৌথভাবে দুটি করে প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় মোট ২৩টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।