রংপুর-কাকিনা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও হালকা যানবাহন। বন্ধ রয়েছে ভারী যান চলাচল। জানা যায়, সাম্প্রতিক বন্যায় কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর এলাকায় সড়কের ৭০০ ফুট এলাকা ভেঙে যায়। সে সময় রংপুর-কাকিনা সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। পরবর্তী সময়ে হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এর পর থেকে সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে বিপাকে পড়েছেন চালকেরা। বিশেষ রাতের বেলা ঝুঁকির মাত্রা বেড়ে যায়। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে পথচারীরা। মোটরসাইকল চালক সাইফুল ইসলাম বলেন, এমনিতে এখানে একটি বাঁক রয়েছে। তার ওপর সড়কের যে অবস্থা তাতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, সড়কটি ভেঙে যাওয়ার কারণে লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. সামুজ্জামান বলেন, সড়কের অর্ধেক অংশ ভেঙে গেছে। তাই পাশে সড়কটি সম্প্রসারিত করে আপাতত ছোট যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। ভাঙা অংশ মেরামতের জন্য একটি প্রকল্প তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। পাশ হলেই সড়কের কাজ করা হবে।