জীবননগরে ৫৯ ভরি ১৪ আনা ওজনের ছয়টি স্বর্ণের বারসহ চায়না খাতুন (৩৮) নামে এক জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার হরিহরনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও জীবননগর থানা সূত্রে জানা যায়, উপজেলার ভারত সীমান্তসংলগ্ন গ্রাম হরিহরনগর। ভারতে স্বর্ণ পাচারের জন্য এই গ্রামের আব্দুল হান্নানের বাড়িতে বেশ কয়েকটি স্বর্ণের বার মজুত রাখা হয়েছে এমন খবর পায় জীবননগর থানার পুলিশ। এই খবরের ভিত্তিতে জীবননগর থানার একদল পুলিশ ঐ বাড়ি ঘেরাও করে রাখে। পরে রাত ৮টার দিকে সিনিয়র সার্কেল এএসপি (দামুড়হুদা) মুন্না বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীরের উপস্থিতিতে থানার ওসি আব্দুল খালেক ঐ বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় চায়না খাতুন তার শয়নকক্ষের টেলিভিশনের নিচে বিশেষ কৌশলে রাখা ছয়টি স্বর্ণের বার বের করে দেন। ওসি আব্দুল খালেক বলেন, উদ্ধারকৃত ছয়টি স্বর্ণের বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা, যার বর্তমান বাজারমূল্য ৪০ লাখ ১১ হাজার ৭৫০ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত চায়না খাতুনসহ তিন জনকে আসামি করে জীবননগর থানায় স্বর্ণ চোরাচালানের একটি মামলা রুজু করা হয়েছে।