বশেমুরবিপ্রবিতে ফি কমানোর দাবিতে আন্দোলন অব্যাহত

ভর্তি-সেমিস্টারসহ শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন ফি কমানোর দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন গড়িয়েছে দ্বিতীয় দিনে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ রাখার ঘোষণায় অনিশ্চয়তা দেখা দিয়েছে আগামী ১ নভেম্বর গুচ্ছের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা নিয়ে।  আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি মেনে নিয়ে নোটিশ আকারে তা প্রকাশ করতে হবে। তার আগে আমাদের আন্দোলন বন্ধ হবে না এবং যথারীতি অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকবে। আমরা প্রশাসনকে সব বিষয়ে সহযোগিতা করতে চাই, কিন্তু প্রশাসন আমাদের দাবি না মানলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে শিক্ষার্থীরা।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব এবং মঙ্গলবার বিস্তারিত আলোচনা করব। বিষয়টি রিজেন্ট বোর্ডে উত্থাপন করতে হবে। পুরো বিষয়টা সমাধানে দুই সপ্তাহের মতো সময় লাগতে পারে।’