রওশন এরশাদ নিস্তেজ, মাঝেমধ্যে চোখ খুলছেন

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ নিস্তেজ হয়ে পড়েছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা ৭৮ বছর বয়সি রওশন মাঝেমধ্যে চোখ খুলছেন। চার-পাঁচ দিন ধরে অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে না, তবে তিনি কারো ডাকে সাড়া দিচ্ছেন না। টানা ৭৭ দিন ধরে হাসপাতালে থাকা রওশনের সুস্থতা কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ আগস্ট সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়।

রওশনের ছেলে রাহ্গীর আল মাহি সাদ এরশাদ এমপি চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে গতকাল ইত্তেফাককে বলেন, ‘আম্মুর ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ আস্তে-আস্তে কমছে। আগের চেয়ে ভালো, তবে খুব ক্লান্ত, নিস্তেজ বলা ঠিক হবে না। বার্ধক্যের কারণে বেশি দুর্বল। মাঝেমধ্যে চোখ খুলছেন।’ তিনি জানান, সিএমএইচের চিকিত্সায় তারা সন্তুষ্ট। প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে।

এদিকে, রওশন এরশাদের রোগমুক্তি কামনায় গতকাল বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে। সেখানে সভাপতির বক্তব্যে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রওশন এরশাদের রক্তচাপ ও হূদস্পন্দন ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি। চিকিত্সকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেওয়া হবে। চিকিত্সকরা বলেছেন—তিনি মূলত বার্ধ্যকজতিন রোগে ভুগছেন। রওশনের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে ছিলেন জাপার কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি ও জহিরুল ইসলাম জহির, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের প্রমুখ।