পাটুরিয়া ঘাটে ফেরিডুবিতে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। সভায় পাটুরিয়া ঘাটে বিআইডব্লি্উটিসির আমানত শাহ ফেরি থেকে ১৭টি পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান ডুবে যাওয়ায় সমিতির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে যথোপযু্ক্ত তদন্তের মাধ্যমে কারো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা, ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং যানবাহন চলাচলে সব সুবিধা নিশ্চিত করে ফেরি আধুনিকায়নের জোর দাবি জানানা হয়। সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির কার্যকরী সভাপতি এস এম বখতিয়ার, সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান, যুগ্ম সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, সহসাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সাগর ও হাসানুল কবির হাসান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান ভুট্টু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম। -সংবাদ বিজ্ঞপ্তি