শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেছে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ। নৃত্য, আবৃত্তি ও সংগীত এই তিন পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয় সংগঠনটি। ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে জাতীয় শিশু দিবস উদ্যাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে শিশু কল্যাণ পরিষদ।
পুরস্কার বিতরণ ছাড়াও এই অনুষ্ঠানে আরো ছিল আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা। গতকাল বৃহস্পতিবার বিকালে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আয়োজক সংস্থার সভাপতি ডা. মাখদুমা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানের শুরুতেই দলীয় নৃত্য পরিবশন করে শিশুশিল্পীরা।
ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন ‘শিশুদের বিকাশ না ঘটলে জাতির বিকাশ ঘটবে না। এজন্য দরকার সময়োপযোগী শিক্ষাব্যবস্থা। আমরা অনেক কিছুই শিখি ও মুখস্থ করি, কিন্তু তার কোনো প্রয়োগ করতে পারি না। ফলে আমরা প্রায়োগিক ও কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছি। যার কারণে সিলেবাসে দশম শ্রেণি পর্যন্ত আমরা কারিগরি শিক্ষা প্রবর্তন করব।