আনোয়ারায় ৫৯০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুেকন্দ্র নির্মাণ করবে ইউনাইটেড

চট্টগ্রামের আনোয়ারায় ৫৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ করবে বেসরকারি কোম্পানি ইউনাইটেড। এ লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ারের মধ্যে বিদ্যুত্ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুত্ ভবনের বিজয় হলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুত্ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন। পিডিবির সচিব সাইফুল ইসলাম আজাদ ও ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশীদ চুক্তিতে স্বাক্ষর করেন।

২২ বছর মেয়াদী এই বিদ্যুেকন্দ্রটি প্রাকৃতিক গ্যাস অথবা আর-এলএনজি দিয়ে বিদ্যুত্ উত্পাদন করবে। গ্যাসে চালানো হলে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে ২.৯৫ টাকা (৩.৬৮ ইউএস সেন্টস্) এবং আর-এলএনজি তে ৫.৪৪ টাকা (৬.৮০৪৩ ইউএস সেন্টস্)। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে প্রায় ১২ দশমিক ৫ একর জমিতে নির্মিত হবে এ বিদ্যুত্ কেন্দ্র। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ২৮ জানুয়ারি কেন্দ্রটি উত্পাদন শুরু করবে। কেন্দ্রটির ৬০ শতাংশের মালিক ইউনাইটেড এন্টারপ্রাইজেস এন্ড কোম্পানি লিমিটেড, ২০ শতাংশের মালিক জাপানের প্রতিষ্ঠান কাইশু ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি ইনকর্পোরেশন এবং বাকি ২০ শতাংশের মালিক জাপানের শোজিট কর্পোরেশন।

গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুত্ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুত্ খাতের উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকাকে সবসময়ই গুরুত্ব দিয়েছেন। এরই ফলশ্রুতিতে বিদ্যুত্ খাতে নতুন নতুন প্রযুক্তি এসেছে বেসরকারি খাতের মাধ্যমে। তারা শুধু বিদ্যুত্ উত্পাদন করছে না, বিদ্যুত্ খাতের আধুনিকায়নও করছে।  পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেন, দেশে কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ কেন্দ্রের মধ্যে ইউনাইটেডের এই       ৫৯০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুত্ কেন্দ্রটি হবে সবচেয়ে বড়। ইউনাইটেড গ্রুপ নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রটিকে উত্পাদনে নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশীদ বলেন, প্রধানমন্ত্রী দেশের ঘরে ঘরে বিদ্যুত্ পৌঁছে দেয়ার যে অঙ্গীকার করেছেন, সেটা বাস্তবায়নে আনোয়ারা ৫৯০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র বড় ভূমিকা রাখবে। বিদ্যুত্ খাতের উন্নয়নে ইউনাইটেড গ্রুপ বিগত দুই যুগ ধরে কাজ করে যাচ্ছে।  পিডিবির সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা।

এছাড়া ইউনাইটেড চট্টগ্রাম পাওয়ার বিদ্যুত্ বিভাগ ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সঙ্গে বাস্তবায়ন চুক্তি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি সই করেন।