যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীকে না বলুন

যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্যকে ‘না’ বলতে আফগানিস্তানের প্রতিবেশি রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, আফগানিস্তানে পুনর্গঠন নিয়ে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা হাতে নিয়েছিল তা নিজেদের স্বার্থে। ল্যাভরভ আফগানিস্তান নিয়ে ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি সম্মেলনে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া এক বক্তব্যে এই আহ্বান জানান। সম্মেলনে ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানও অংশ নিয়েছে। খবর রয়টার্সের

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনী এখন আফগানিস্তানের প্রতিবেশি রাষ্ট্রে ঘাঁটি গাড়ার চেষ্টা করবে। কিন্তু তিনি রাষ্ট্রগুলোকে সেই সুযোগ না দেওয়ার আহ্বান জানান। সম্মেলনে আফগানরা যাতে অন্য দেশে না যেতে পারে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।