অবশেষে জামিন পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান

গ্রেফতার হওয়ার ২৬ দিন পর মাদক মামলায় জামিন পেলেন বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের শুনানি শেষে আরিয়ান খানের জামিন মঞ্জুর করে বোম্বে হাইকোর্ট। আরিয়ান খান ছাড়াও জামিন পেয়েছেন আরো দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা। তবে জামিন পেলেও গতকাল পর্যন্ত কারাগারেই থাকতে হয়েছে আরিয়ানদের। আজ শুক্রবার বোম্বে হাইকোর্ট আনুষ্ঠানিক আদেশ দেবে। এরপরই জেল থেকে মুক্তি মিলবে তাদের। খবর এনডিটিভির।    গত ২ অক্টোবর একটি প্রমোদতরি থেকে আটক করা হয় ২৩ বছর বয়সি আরিয়ান খানকে। পরদিন তাকে মাদক সেবন, রাখা ও কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার দেখানো হয়। গত ৮ অক্টোবর থেকে আর্থার রোড জেলে রয়েছেন তিনি। নিম্ন আদালতে দুই দফা তার জামিন আবেদন নাকচ হয়। এরপর হাইকোর্টে আরিয়ান খান জামিন আবেদন করেন। মঙ্গলবার এই আবেদনের শুনানি শুরু হয়। টানা তিন দিন শুনানি শেষে গতকাল তার জামিন মঞ্জুর করে আদালত।

তার আইনজীবীরা বরাবরই আদালতে যুক্তি দেন যে- আরিয়ান খানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। শুধু মাদক সেবনের জন্য কাউকে এতোদিন আটকে রাখা যায় না। তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর দাবি ছিলা—আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বোঝা যায় তিনি গোপনে মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত।

আরিয়ানের আইনজীবী ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেন, আরিয়ান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা জামিন পেয়েছেন। কিন্তু আদেশের আনুষ্ঠানিক কপি আমরা হাতে পাইনি। সেটি পেলেই তাদের মুক্তি দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। সেই কারণেই বৃহস্পতিবার রাতে ফেরা হচ্ছে না আরিয়ানের। তারা শুক্র বা শনিবার বাড়ি ফিরতে পারেন। আরিয়ানের জামিনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউডের বেশ কয়েক জন অভিনেতা-অভিনেত্রী।

এদিকে আরিয়ান খানের মামলায় ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। মহারাষ্ট্রের কয়েক জন মন্ত্রী ও নেতার সমালোচনার শিকার হয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সমীরের বোন ইয়াসমিন ওয়াংখেড়ে।

অন্যদিকে পুনের পুলিশের হাতে আটক হয়েছেন আরিয়ান খানের বিরুদ্ধে মাদক মামলার অন্যতম সাক্ষী কেপি গোসাভি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি প্রতারণার অভিযোগ ছিল। শেষ পর্যন্ত অভিযোগ ওঠে, শাহরুখপুত্র আরিয়ানকে মুক্তি দেওয়ার জন্য ২৫ কোটি টাকা আদায়ের পরিকল্পনা করেছিলেন গোসাভি।