আজ আবারও একই দিনে ১৩ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা

আজ শুক্রবার একই দিনে বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন চাকরি প্রার্থীরা। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।  চাকরি প্রার্থীরা জানিয়েছেন, সংকটাপন্ন পরিস্থিতিতে একই দিনে এসব পরীক্ষা নেওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। কোনটি রেখে কোন পরীক্ষা দেবেন তা নিয়ে চিন্তিত। বিশেষ করে বিসিএসের মতো পরীক্ষা থাকায় চাকরি প্রার্থীরা বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ যে ১৩টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষার সূচি ঠিক হয়েছে তা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা, বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার কয়েকটি পদের লিখিত পরীক্ষা সাতক্ষীরায় হবে। বাকি সব প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়া হবে ঢাকায়। ৯টি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা হবে সকালে, চারটি প্রতিষ্ঠানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকালে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি পদের ব্যবহারিক ছাড়া বাকি সবগুলো প্রতিষ্ঠানের লিখিত পরীক্ষা নেওয়া হবে। আজ সকাল ১০টা থেকে শুরু হবে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরার বিভিন্ন পদের লিখিত পরীক্ষা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশনের দুটি পদের মৌখিক পরীক্ষা শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষা শুরু বেলা ৩টায় এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন পদের পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ৩টা থেকে।

২ ঘণ্টার ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে। বাংলা ভাষা ও সাহিত্য ৩৫, ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলি ৩০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ১০, সাধারণ বিজ্ঞান ১৫, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ১৫, গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের ওপর ১০ নম্বরের পরীক্ষা হবে। ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।