বেগমগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ  উপজেলার  মীরওয়ারশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ও বেগমগঞ্জ চৌরাস্তার লাল-সবুজ পরিবহন বাস কাউন্টারের মালিক আবু সায়েদ রিপনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে বাড়ি থেকে ১০০ গজ দূরে  এ ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পথচারীরা রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, মীর জাহিদুল হক রনি জানান, নিহত রিপন  প্রতিদিনের মতো তার কর্মস্থল চৌরাস্তার লাল-সবুজ বাস কাউন্টার থেকে রাত ২টা-৩টায় বাড়ি ফিরতেন । ঘটনার রাতে তিনি কর্মস্থল থেকে তার নিজ বাড়ি উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের উদ্দেশে রওয়ানা হন। পথে তার নিজ বাড়ির ১০০ গজ দূরে বাদী গাছতলা নামক স্থানে রাস্তার উপর দুর্বৃত্তরা তার মাথায় ও পায়ে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। নিহত রিপনের পরিবারের লোকজন  জানিয়েছে, কারো সঙ্গে তার কোনো পূর্বশত্রুতা ছিল না। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ বিষয়ে জোর চেষ্টা চলছে বলে জানান ওসি।