ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় হেসেছিলেন ডেভিড ওয়ার্নার। কেন হেসেছিলেন তার উত্তর দিয়েছিলেন তখনই। গতকাল সেই উত্তরের প্রমাণও দিলেন এই ওপেনার। তার ৪২ বলে ৬৫ রানের ইনিংসে শ্রীলঙ্কাকে হারাতে বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়ার। ৭ উইকেটের ব্যাবধানে টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নেয় অ্যারন ফিঞ্চের দল।
জয়ের মূল কৃতিত্বটা অবশ্য অ্যাডাম জাম্পার। ডানহাতি এই লেগ স্পিনার ৪ ওভারে মাত্র ১২ রানে নিয়েছেন ২ উইকেট। তাই ভালো শুরুর পরও মধ্যে আটকে যায় লঙ্কানদের রানের চাকা। কুশল পেরেরা (৩৫), চারিথ আসালাঙ্কা (৩৫) ও ভানুকা রাজাপক্ষের (৩৩) ত্রিশ পেরোনো ইনিংসে ৬ উইকেটে ১৫৪ রান তোলে তারা। জবাবে ওপেনারদের গড়ে দেওয়া ভিতে আর পেছন ফিরে তাকায়নি অস্ট্রেলিয়া। তাই ম্যাচ শেষ হয় ৩ ওভার আগেই।