ভূমির অবক্ষয় রোধে রোডম্যাপ অনুযায়ী কাজ করছে সরকার : পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার মরুময়তা, ভূমি অবক্ষয় ও খরা মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। পরিবেশ অধিদপ্তর ভূমি ব্যবহার মানচিত্র হালনাগাদকরণ, ভূমি অবক্ষয়ের কারণ ও সূচক চিহ্নিতকরণ, অবক্ষয় রোধ, প্রশমন বা পুনঃ ব্যবহারযোগ্যকরণের মাধ্যমে ভূমি অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি রোডম্যাপ প্রণয়ন করেছে। ভূমি অবক্ষয় রোধ করার জন্য প্রণীত আলোচ্য রোডম্যাপে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে চিহ্নিত আটটি থিমেটিক এরিয়ায় সমন্বিতভাবে কাজ করে ভূমি অবক্ষয় রোধ করা সম্ভব হবে।

পরিবেশ মন্ত্রী গতকাল বৃহস্পতিবার আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরে ‘ন্যাশনাল রোডম্যাপ ফর কমব্যাটিং ল্যান্ড ডিগ্রেডেশন ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি