জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা

বছরে ২৫ বিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় সদস্য দেশগুলোকে বাড়তি সহায়তার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। আগামী পাঁচ বছরের (২০২১-২০২৫) অর্থায়ন পরিকল্পনা ‘ক্লাইমেন্ট চেঞ্জ অ্যাকশন প্ল্যান’ (সিসিএপি) সম্প্রতি প্রকাশ করেছে সংস্থাটি। এতে এই তহবিলের আকার ৩৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বার্তায় উল্লেখ করেছেন, প্রতি বছর জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাংক সদস্য দেশগুলোতে ২১ বিলিয়ন ডলার (১ লাখ ৭৮ হাজার ৫০০ কোটি টাকা) অর্থায়ন করছে। নতুন পরিকল্পনায় গড়ে বার্ষিক ২৫ বিলিয়ন ডলার (২ লাখ ১২ হাজার ৫০০ কোটি টাকা) অর্থায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, বিশ্ব সম্প্রদায় গ্রিন হাউজ গ্যাস নিঃসারণ কমিয়ে আনা এবং জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশ কার্বন নিঃসারণ কমিয়ে আনার পরিকল্পনাও গ্রহণ করেছে। অতি সম্প্রতি চীন নতুন করে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র না করার সিদ্ধান্ত নিয়েছে।