ঢাকায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার অনুশীলন সমাপ্ত

ঢাকার আর্মি গলফ ক্লাবে গতকাল বৃস্পতিবার বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক তিন দিনব্যাপী অনুশীলন সমাপ্ত হয়েছে। ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ বাংলাদেশ-২০২১ শীর্ষক এ অনুশীলনের সমাপনী দিনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে. আব্দুল মোমেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এ অনুশীলনের মূল উদ্দেশ্য হলো-ভূমিকম্প তথা সকল দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক পদ্ধতির ওপর সম্যক ধারণা লাভ, দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রয়াস নিশ্চিতকরণের জন্য সকল অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ভূমিকম্প মোকাবিলায় অনুসন্ধান ও উদ্ধার, যোগাযোগ, মেডিক্যাল শেল্টার ও ত্রাণ কার্যক্রম ইত্যাদির আলোকে দুর্যোগ ব্যবস্থাপনার গাইডলাইন চূড়ান্তকরণ ইত্যাদি। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, এসজিপি, পিএসসি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। —আইএসপিআর